শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় আধুনিক দেশ গড়া সম্ভব নয়। তাই বর্তমান সরকার ২০১০ সালে নতুন শিক্ষানীতি চালু করেছে। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় রয়েছে সরকারের। দিন বদলের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে বর্তমান সরকার।মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার চূড়াইন গ্রামে চূড়াইন আদর্শ ডিগ্রি কলেজের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ক্ষমতায় থেকে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াত উল্টো পথে দেশ চালিয়েছে। তারা বিদ্যুৎ উৎপাদন করেনি। এমনকি পুরনো বিদ্যুৎকেন্দ্র মেরামত পর্যন্ত করেনি। অতীতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বলে বিএনপি-জামায়াত দেশে কুশাসন প্রতিষ্ঠা করেছিল। দিন বদলের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে বর্তমান সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে হাঁটছে বর্তমান সরকার। আল্লাহর রহমতে এবার শ্রীলঙ্কায় ৫০ হাজার মেট্রিক টন চাল রফতানি করবে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. নূর আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ইঞ্জিনিয়ার দেওয়ান মো. হানজালা, আজিজুর রহমান ফকু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা।
দ্য রিপোর্ট