শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নে ছিঁচকে সন্ত্রাসীদের উৎপাতে নিরীহ মানুষের জনজীবন আজ অতিষ্ঠ। কিছুদিন আগেও এখানকার মানুষ শান্তিতে বসবাস করছিল। সম্প্রতি কিছুসংখ্যক ছিঁচকে সন্ত্রাসী ও নব্য ভূমিদস্যু গজিয়ে উঠেছে। এরা সুযোগ পেলেই নিরীহ মানুষের জায়গা-জমি রাতারাতি অবৈধভাবে বালি দিয়ে ভরাট করে দখল করে নেয়। মাওয়াতে পদ্মা সেতুর কাজ আরম্ভ হওয়ার সুবাদে এখানকার জায়গা-জমির মূল্য বেড়ে যাওয়ায় এরা সুযোগ পেলেই মানুষের জায়গা-জমি দখল করে নিচ্ছে। যে কোন প্রকারে ওয়ারিশ স্বত্ব কিনে জমি অথবা পুকুর পুরোটাই জোর করে দখল করছে।ষোলঘর বাজারের স্থানীয় লোকের কাছ থেকে জানা যায়, এই ছিঁচকে সন্ত্রাসী একসময় মাটি কাটার কাজ করত। গ্রামের বেকার যুবকদের নিয়ে এই চাঁদাবাজি, নিরীহ মানুষের জমি দখল ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। ষোলঘর গ্রামের কেউই মুখ ফুটে এই অন্যায়ের প্রতিবাদ করার সাহস পায় না। গত ১৯ অক্টোবর আলোচ্য ছিঁচকে সন্ত্রাসীর সঙ্গে ’৭১ সালের বীর মুক্তিযোদ্ধা বর্তমানে আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক হারুন চৌধুরীর এই সন্ত্রাসীর সঙ্গে বচসার সৃষ্টি হয়।
অতি সম্প্রতি তিনি আমেরিকা থেকে ব্যক্তিগত কাজে দেশে এসেছেন। এই বীর মুক্তিযোদ্ধার কাছে আলোচ্য বিষয়ে সন্ত্রাসীর নানা অপকর্মের অভিযোগ করে। উক্ত সন্ত্রাসীকে দেখে তিনি ওর কর্মকা- সম্পর্কে জানতে চান, এতে সে ক্ষিপ্ত হয়ে মারমুখী হয়। এই সময় শ্রীনগর উপজেলার সবার পরিচিত আরেক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবদুল খালেক এই মারমুখী আচরণের প্রতিবাদ করেন এবং বাজারের জনগণ জড়ো হলে এই ছিঁচকে সন্ত্রাসী পালিয়ে যায়।
উক্ত সন্ত্রাসী কয়েকদিন আগে ষোলঘর হাসপাতাল সংলগ্ন স্থানীয় যুবক সহিদের বাড়ির ওপর দিয়ে ড্রেজারের পাইপ জোরপূর্বক সংযোজন করে অবৈধভাবে আরেক যুবক চমকের পুকুর ভরাট করার চেষ্টা করে। চমক বাধা দিলে সন্ত্রাসীর সঙ্গে বিরোধ বাধে।
এখানে আরও উল্লেখ্য, উক্ত সন্ত্রাসী ড্রেজার দিয়ে খাল থেকে যে বালি উত্তোলন করে তা বৈধ কিনা স্থানীয় প্রশাসন অবগত নয়। খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে হুমকিতে পড়ছে স্থানীয় পরিবেশ।
ওইদিনই হারুন চৌধুরী স্থানীয় যুবকদের নিয়ে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম সাহেবের কাছে উক্ত সন্ত্রাসীর সঙ্গে বাগ্বিত-ার কথা বিস্তারিত জানান।
স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষকেও ওই দিনের ঘটনার কথা জানানো হয়। এখানে আরও উল্লেখ্য, উক্ত সন্ত্রাসী নিজেকে একজন বিএনপি নেতা হিসেবে দাবি করলেও আসলে সে একজন জামায়াতের ক্যাডার।
জনকন্ঠ