কৌতুক অভিনয়শিল্পী টেলি সামাদ গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তার চিকিৎসা চলছে ডা. কামাল পাশার তত্ত্বাবধানে। স্কয়ার হাসপাতাল থেকে জানা গেছে, হাসপাতালে ভর্তির সময় তার হার্ট অ্যাটাক ও ফেইলুর অবস্থায় ছিল। পাশাপাশি বহু ধরনের জটিলাতায় তিনি ভুগছেন। কিডনি, স্নায়ু, ডায়াবেটিক ও পায়ে গ্যাংরিন হয়েছে তার। গ্যাংরিনের চিকিৎসার জন্য তাকে দ্রুত অস্ত্রোপচারের মুখোমুখি হতে হবে। এর ফলে তার পা কেটে ফেলতে হচ্ছে।চিকিৎসক কামাল পাশা বলেন, ‘টেলি সামাদ আশংকামুক্ত নন। গ্যাংরিনের অপারেশন করাটা জরুরি হয়ে পড়েছে। নইলে সংক্রামণ রক্তে ছড়িয়ে পড়বে। তখন তাকে বাঁচানো সম্ভব হবে না। আবার অস্ত্রোপচারের পর জ্ঞান না ফিরলে একই ঘটনা ঘটতে পারে। তাই তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তার মেয়ে অস্ত্রোপচারে সম্মত হয়েছেন। এটা ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই।’

এই অভিনেতার শুক্রবার সন্ধ্যায় হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে রাজধানীর ডির্ফাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে আনা হয়। এর তিন মাস আগে যুক্তরাষ্ট্রে তার শরীরে প্রথম বাইপাস করা হয়েছিল। গত ২৭ সেপ্টেম্বর দেশে ফিরেন তিনি।
টেলি সামাদ ১৯৭৩ সালের দিকে নজরুল ইসলামের পরিচালনায় ‘কার বৌ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে এই অঙ্গনে পা রাখেন। তবে তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন ‘পায়ে চলার পথ’ সিনেমা দিয়ে।
বাংলা ট্রিবিউন