Friday, October 17, 2014

ছয় মাসের মধ্যে পদ্মা সেতুর দৃশ্যমান কিছু কাজ দেখা যাবে

সুমিত সরকার সুমন: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন বলেছেন, ছয় মাসের মধ্যে পদ্মা সেতুর দৃশ্যমান কিছু দেখা যাবে। স্বপ্নের এই সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ওয়াদা। সরকারী অর্থায়নেই এই সেতু নির্মাণ করা হচ্ছে। যথা সময়েই পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে। এই সেতু নির্মাণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উল্কার মতো কাজ করে চলেছেন।

সেতুর আনুসঙ্গিক কাজ অনেকটাই এগিয়েছে। এখন শুধু মূল সেতুর কাজে হাত দেয়া বাকী। এটিও দ্রুততম সময়ে হাত দেয়া হবে। তিনি বৃহস্পতিবার পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনকালে মাওয়া পদ্মা সেতু রেস্ট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন সংসদীয় কমিটির সদস্য একেএমএ আউয়াল (সাইদুর রহমান), রেজোয়ান আহমেদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, লুৎফুন নেছা, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী (পূর্নবাসন) মো. তোফাজ্জেল হোসেন প্রমূখ।

এছাড়া পদ্মা সেতু ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রীজের প্রকল্প ব্যবস্থাপক লিউ জিন হুয়া’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাদের সাথে প্রকল্প এলাকা পরিদর্শণ করেন।

পরে তারা শ্রীনগর উপজেলার দোগাছিতে পদ্মা সেতুর একটি সার্ভিস এরিয়া পরিদর্শ শেষে বিকেল সাড়ে তিনটায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এদিকে পদ্মা সেতুর মালামাল নিয়ে চতুর্থ শিপমেন্টটি চট্রগ্রামের উদ্দেশ্যে সোমবার চীনের সাংহাই বন্দর ত্যাগ করেছে। এ তথ্য নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, তৃতীয় শিপমেন্টের মালামাল জাহাজ থেকে খালস করা শুরু হয়েছে।

বিডিলাইভ