Thursday, October 23, 2014

গজারিয়ায় নিহত চারজনের বাড়ি জামালপুরে

মুন্সীগঞ্জের গজারিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত চারজনের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার চাঁদপুর গ্রামে। মর্মান্তিক ওই দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছালে স্বজনদের মাঝে শুরু হয় শোকের মাতম।

মাদারগঞ্জ পৌর কাউন্সিলর সোহেল তালুকদার দ্য রিপোর্টকে জানান, দাফনের উদ্দেশ্যে একটি ট্রাকযোগে লাশগুলো মুন্সীগঞ্জ থেকে গ্রামের বাড়ি চাঁদপুরে আনা হচ্ছে। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে শোকের মাতম।

বুধবার রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ বহনকারী ট্রাকটি গাজীপুর জেলা অতিক্রম করছিল। রাত ১২টা কিংবা ১টায় লাশবাহী ট্রাকটি মাদারগঞ্জের চাঁদপুরে পৌঁছানোর কথা রয়েছে।

লাশ পৌঁছালে বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে বলেও জানান তিনি।

ওই দুর্ঘটনায় নিহতরা হলেন- মাদারগঞ্জ পৌর এলাকার চাঁদপুর গ্রামের দুল্লা তালুকদারের মেয়ে কাজলী বেগম (৪০), কাজলী বেগমের মেয়ে ফুলমতি (২২), ফুলমতির ছেলে মারুফ (৩) ও আয়েশা (৪)।

কাউন্সিলর সোহেল তালুকদার আরও জানান, দীর্ঘদিন ধরে তারা মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার দুপুর পৌনে ১টায় তারা নিজ এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে পাশের ভবেরচর যাচ্ছিলেন। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুসংলগ্ন গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্টভর্তি ট্রাকচাপায় তাদের বহনকারী অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

দ্য রিপোর্ট