Tuesday, October 21, 2014

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদ শঙ্কামুক্ত নন

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে টেলি সামাদের ঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাতা রবিউল ইসলাম রবি এ তথ্য জানিয়ে বলেন, চিকিৎসকরা তার জরুরি অস্ত্রোপচারের কথা বলছেন। এ বিষয়ে পরিবার থেকে সম্মতি পেলেই অস্ত্রোপচার শুরু হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনি, স্নায়ু, ডায়াবেটিক ও পায়ে গ্যাংরিনজনিত রোগে আক্রান্ত এই অভিনেতা। এ অবস্থায় জরুরি অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারে টেলি সামাদের পা কেটে ফেলতে হবে। তা না হলে গ্যাংরিনের সংক্রমণ রক্তে প্রবাহিত হতে পারে। তখন তাকে বাঁচানো সম্ভব হবে না।’

টেলি সামাদের পরিবার থেকে তার আশু রোগমুক্তি জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। দেশের জনপ্রিয় এই কৌতুক অভিনেতা বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসারত আছেন। তার চিকিৎসা তত্ত্বাবধান করছেনডা. কামাল পাশা।

আমেরিকা থেকে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। শুক্রবার সন্ধ্যায় তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে রাজধানীর ডিফার্ম হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। তিন মাস আগে যুক্তরাষ্ট্রে তার শরীরে বাইপাস সার্জারি করা হয়।

টেলি সামাদ ১৯৭৩ সালে চলচ্চিত্রে প্রবেশ করেন নজরুল ইসলামের পরিচালনায় ‘কার বৌ’ চলচ্চিত্রের মাধ্যমে। তবে ‘পায়ে চলার পথ’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি তারকাখ্যাতি পান। এরপর অসংখ্য ছবিতে অভিনয় করে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন জনপ্রিয় এই কৌতুক অভিনেতা।

দ্য রিপোর্ট