মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে দীর্ঘ প্রায় ২ মাস পর রো রো ফেরি শাহ মখদুম ফের চলাচল শুরু করেছে। আজ মঙ্গলবার মাওয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ফেরিটি কাওড়াকান্দির উদ্দেশে রওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফেরিটি মেরামতের জন্য এতদিন বিআইডব্লিউটিসি'র নিজস্ব ওয়ার্কশপে ছিলো।
বিআইডব্লিউটিসি মাওয়া অফিসের এজিএম আশিকুজ্জামান জানান, রো রো ফেরি শাহ মখদুম গত ১৪ মে রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাজরা টার্নিং পয়েন্টের কাছে ডুবো চরে আটকা পড়ে। এ সময় ফেরিটির এডজাস্ট পাইপ দিয়ে আগুনের কুণ্ডলি বের হয়ে ঝড়ো হাওয়ার কারণে ফেরির তৃতীয় তলায় আগুন লেগে যায়। এতে ফেরির ব্রিজ ডেস্কের ছাদ ও মাস্টার ব্রিজসহ ফেরিটির ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনা তদন্তে সমুদ্র পরিবহন অধিদফতর, নৌ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির নিজস্ব তদন্ত দলসহ মোট ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ফেরি মাস্টার ইদ্রিস হোসেন সিরাজিসহ ৭ দোষী প্রমাণিত হওয়ায় বরখাস্ত করা হয়। এছাড়া ফেরি মেরামতের জন্য প্রায় দেড় কোটি টাকা প্রয়োজন বলে কমিটি মতামত দেয় এবং বেসরকারি ওয়ার্কশপে মেরামত করলে প্রায় ৬ মাস সময় লাগবে বলে জানানো হয়। এতে বিআইডব্লিউটিসি একটি কমিটি গঠন করে ফেরিটি তাদের নিজস্ব ওয়ার্কশপে মেরামতের সিদ্ধান্ত নেয়।