Sunday, July 17, 2011

ভাষাকে ভালোবাসা - রাহমান মনি

দাদি যদি দিদা হয়
নানি হবেন নিনা,
যে কথাটি বলছি আমি
যুক্তি আছে কিনা?

মামি তখন মিমা হবেন
চাচি হবেন চিচা,
এতো দিনে যা শিখেছি
সব-ই দেখি মিছা।
সিতানাথ লিখেছিলেন
নাম আদর্শলিপি,
হাল আমলের বাংলা তাকে
ধরছে গলা টিপি।
আদর্শলিপি নামটি আছে
আদর্শ গেছে উড়ে,
নতুন নতুন শব্দ এখন
রয়েছে পাতা জুড়ে।
অসৎ সংগের স্থানটি নিলো
অজগর এক সাপ,
আমটি নাকি খাবে পেড়ে
ওরে বাপরে বাপ।
শিশুকালেই শিখছে ওরা
ভয়ংকর সব কথা।
নীতিকথা বাদ পড়াতে
নেইকো মাথা ব্যাথা।
এপার ওপার মিলে এখন
হচ্ছে ভাষা শংকর,
এই ভাবেতো বাংলা ভাষার
বিপদ ভয়ঙ্কর।
দাদির স্থানে দাদি থাকবে
নানির স্থানে নানি
ছোট্টবেলায় যা শিখেছি
তাই যেন মানি।



____________________
টোকিও, জাপান।