ইউপি নির্বাচনে ভোট না দেয়ায় মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নে বিজয়ী সদস্য প্রার্থীর ৮ সমর্থক পরিবারকে সমাজচ্যূত করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ আদায় শেষে ইউনিয়নের আজমপুরা গ্রামের জামে মসজিদে পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকরা ওই ৮ পরিবারকে সমাজচ্যূত করার ঘোষণা দেয়।
জানা যায়, সদরের রামপাল ইউনিয়নে ১৮ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ৮ পরিবারের সদস্যরা বিজয়ী সদস্য প্রার্থী মাহবুব হোসেন রাসেলকে সমর্থন করে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি সদস্য প্রার্থী নজরুল ইসলাম পরাজিত হন। এতে তার সমর্থকরা আজমপুরা গ্রামের বিজয়ী মাহবুব হোসেন রাসেলের সমর্থকদের উপর ক্ষিপ্ত হয়ে আজ তাদের সমাজচ্যূত করার ঘোষণা দেয়।
বিজয়ী সদস্য প্রার্থী মাহবুব হোসেন রাসেল জানান, বিশিষ্ট ব্যবসায়ী নাসির মহসিন আজমপুরা গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি শুক্রবার আজমপুরা জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে আজমপুরা গ্রামের আব্দুল লতিফ বেপারী, আবু সিদ্দিক, নুরুল ইসলাম, আব্দুল হাই, আনু মিজি, নুরুল মিজি, মনির দেওয়ান ও আবুল কালাম শেখের পরিবারকে তিনি সমাজচ্যূত করার ঘোষণা দেন। তাদের অপরাধ ইউপি নির্বাচনে নাসির মহসিনের সমর্থনপুষ্ঠ সদস্য প্রার্থী নজরুল ইসলামকে ভোট দেননি। এ ব্যাপারে পরাজিত মেম্বর প্রার্থী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।