Wednesday, July 13, 2011

১৮ ঘন্টাই স্টুডিওতে

বর্তমানে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টাই স্টুডিওতে কাটাচ্ছেন দেশের আলোচিত সংগীত শিল্পী বালাম। নতুন অ্যালবামের কাজে এখন অনেকটা স্টুডিওবন্দি জীবনই কাটাচ্ছেন এই গায়ক। বালামের এই স্টুডিওকেন্দ্রিক ব্যস্ততা থাকবে আরও প্রায় ২০/২৫ দিন। আসছে ঈদ উপলক্ষে নিজের চতুর্থ একক অ্যালবামের কাজ গত দুই মাস ধরে পুরোদমে করছেন তিনি।
তবে ১৮ ঘণ্টা স্টুডিওবন্দি থাকতে একদমই খারাপ লাগছে না, বরং নতুন উদ্যমে নতুন নতুন সৃষ্টি বেশ উপভোগই করছেন, এমনটাই জানিয়েছেন বালাম।

কিছুদিন আগেই ধানমন্ডিতে নিজের সুবিশাল আধুনিক স্টুডিও’র সেটআপ দাঁড় করিয়েছেন তিনি। আর এই স্টুডিওতেই নতুন গান তৈরিতে মগ্ন। স্টুডিওতে নতুন অ্যালবামে সময় দেয়ায় বেশ কিছু বিদেশ সফরও এরই মধ্যে বাতিল করেছেন বালাম। পাশাপাশি দেশের ভেতরও স্টেজ ব্যস্ততা কমিয়ে এনেছেন। জাহিদ পিন্টুর কথায় ইতিমধ্যে নিজের নতুন অ্যালবামের পঞ্চাশ ভাগেরও বেশি কাজ সম্পন্ন করেছেন তিনি। নতুন ৬-৭টি গানও অ্যালবামের জন্য তৈরি করেছেন। তবে বেশ কিছু গান তৈরির পরই ১০টি গান নির্বাচন করা হবে অ্যালবামের জন্য। সবক’টি গানের সুর-সংগীতায়োজন বরাবরের মতো করছেন বালাম নিজেই।

এবারের অ্যালবামটি মূলত রোমান্টিক ও স্যাড রোমান্টিক গান দিয়ে সাজাচ্ছেন তিনি। আর একঘেয়েমি সংগীতায়োজন বিষয়ে বালামের প্রতি শ্রোতাদের যে খানিক অভিযোগ তাও এই অ্যালবামের মাধ্যমে দূর হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। আর সে কারণেই রাত-দিন টানা ১৮ ঘণ্টা সময় তিনি দিচ্ছেন এ অ্যালবামের গানগুলোর সুর-সংগীতায়োজনে। এ বিষয়ে বালাম বলেন, আসলে আমি মনে করি গানের সঙ্গে যারা যুক্ত তাদের সবারই নিজস্ব একটি ধারা রয়েছে। উদাহরণ স্বরূপ এ আর রহমানের নিজস্ব একটি ধারা রয়েছে, তার গান শুনলেই বোঝা যায় এটা এ আর রহমানের সংগীত।

তেমনি অন্য সবার মতো আমার গানেও সেরকম ধারার মিল খুঁজে পাওয়া যেতেই পারে। আর আমি সংগীতের ক্ষেত্রে এই ধারা প্রথায় বিশ্বাসী। তবে স্বীকার করছি এ কারণেই অনেক শ্রোতা হয়তো একঘেয়েমির অভিযোগ করেন, কিন্তু ব্যাপারটা আসলে একদমই তা না। অবশ্য শ্রোতারা ভালবেসেই এসব অভিযোগ করেন সেটা আমি জানি। আর তাই শ্রোতারা যেটা চান সেটা দিতে আমি নিজের কাছে বদ্ধ পরিকর। তাই এবারের অ্যালবামটিও সেভাবেই তৈরি করছি। এই অ্যালবামটি প্রকাশের মধ্যে দিয়ে শ্রোতাদের এই অভিযোগ থাকবে না বলেই আশা করি। আর এ কারণেই তো বর্তমানের এই স্টুডিওবন্দি জীবন। তবে বন্দিদশাটা আমি বেশ উপভোগই করছি।