Sunday, July 03, 2011

পদ্মার ভাঙন তাণ্ডব চলছে

পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতের তোড়ে মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলায় চলছে পদ্মার ভাঙন তাণ্ডব। এতে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি ও বিস্তীর্ণ জমি। গত এক মাসে ২ উপজেলার ডহুরি ও ভাগ্যকুল বাজার এবং শতাধিক বসতবাড়ি ও দোকানঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিনিয়ত ভাঙন তাণ্ডবে নদী তীরবর্তী শত শত পরিবারের দিন কাটছে আতঙ্কে।

স্থানীয়রা জানায়, গত এক মাসের ব্যবধানে পদ্মায় বিলীন হয়ে গেছে শ্রীনগরের ভাগ্যকুল বাজারের মাছের আড়ৎসহ প্রায় অর্ধশত দোকানঘর ও বসতবাড়ি। বর্তমানে ভাগ্যকুল বাজারের দুধপট্টি, মাছের আড়ৎ, কবরস্থান, দুর্গামন্দির, জেলেপাড়া, মাঝিরহাটি, কামারগাঁও বাজারের কেদারপুর বাঁশহাটা নদী ভাঙনের মুখে। পানি উন্নয়ন বোর্ডের কোনো সহায়তা না পেয়ে স্থানীয়রা বাঁশের মাচা দিয়ে, খড়কুটা ফেলে ভাঙন রোধের শেষ চেষ্টা চালাচ্ছেন। এছাড়া ভাঙনের মুখে রয়েছে সরকারি স্থাপনা, স্কুল, মসজিদ ও কয়েক শতাধিক বসতবাড়িসহ বিস্তীর্ণ ফসলি জমি। বাঘরা ইউনিয়নেও একই চিত্র লক্ষ্য করা গেছে।