Monday, July 18, 2011

বিয়ের পিঁড়িতে রোমানা

আবারো বিয়ের পিঁড়িতে বসছেন মডেল, অভিনেত্রী ও চিত্রনায়িকা রোমানা। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে বিয়ে! ব্যাপারটা কে কিভাবে নেয় তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। তবে তার ভক্ত-দর্শকরা যদি পছন্দ করেন তবে বিয়েটা অনেকদিন টিকে থাকবে।
তার ভাগ্যে এবার স্বামী অভিনেতা হাসান মাসুদ। ব্যাচেলর ছবির ব্যাচেলর থাকা হাসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তিনি তাকে পুরো সংসারী করে ছাড়বেন। তাদের বিয়ের কাজী চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক। আর বিয়েটা হবে কক্সবাজারে। এ আয়োজন ১৫ আগস্ট থেকে শুরু হবে। মূল ঘটনা হলো রোমানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন হাসান মাসুদ। এফ আই মানিকের ‘স্বামী ভাগ্য’ ছবিতে কাজ করবেন নতুন এ জুটি। এ সম্পর্কে রোমানা জানান, হাসান ভাইয়ের অনেক নাটক দেখেছি। তিনি ন্যাচারাল অভিনয় করেন। তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করবো ভেবে খুব মজা পাচ্ছি। কাহিনী শুনে মনে হয়েছে মানিক ভাই হাসান ভাইকে পুরোদস্তুর বনেদি জামাই বানিয়ে ফেলছেন। ‘স্বামী ভাগ্য’ ছবিটি প্রযোজনা করছে অমি বনি কথাচিত্র।
হাসান মাসুদ ও রোমানার সঙ্গে ছবিটিতে আরো অভিনয় করবেন ডিপজল, রেসি, আমিন খান, মিজু আহমেদ প্রমুখ।

দিনের শেষে