ঢাকা-মাওয়া সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ১টার দিকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়া থেকে ঢাকাগামী গাঙচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজদিখানের নিমতলা এলাকায় থামিয়ে যাত্রী নামাচ্ছিল।
এ সময় ঢাকাগামী দিবানিশি নামের অপর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দু’টি বাসে যাত্রীদের মধ্যে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কেউ মারা যায়নি। বর্তমানে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক।
শীর্ষ নিউজ
------------------------
ঢাকা-মাওয়া মহাসড়কে দু‘টি বাসের সংঘর্ষে আহত ১৫
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় বুধবার দুপুরে দু’টি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছে।
দুপুর দেড়টার দিকে বৈশাখী পরিবহনের যাত্রীবোঝাই বাস ও গাঙচিল পরিবহনের বাসের মধ্যে ওই সংঘর্ষ ঘটে।
আহতদের তাৎক্ষণিক সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, বৈশাখী পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে নিমতলা এলাকায় যাত্রী ওঠানোর জন্য থামিয়ে রাখে। এ সময় ঢাকাগামী গাঙচিল পরিবহনের বাসটি পেছন থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বাসকে ধাক্কা দিলে উভয় বাসের ১৫ যাত্রী আহত হয়।
তবে আহতদের পরিচয় জানাতে পারেননি পুলিশ।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
------------------------