Monday, June 13, 2011

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ সভা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোট কেন্দ্রে আরটিভির ক্যামেরা ভাংচুর ও সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জেলার সাংবাদিক মহল। আজ রোববার দুপুরে সাংবাদিকরা জেলা প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা করে। জানা গেছে, আজ দুপুরে জেলা প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জলের সভাপতিত্বে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসানসহ সুজন হায়দার জনি, ভবতোষ চৌধুরী নুপুর, লাবলু মোল্লা, মঈন উদ্দিন সুমন প্রমুখ। পরে তারা জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। এ সময় সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রসঙ্গত, গতকাল শনিবার ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের বনসেমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে আরটিভির ক্যামেরা ভাংচুর ও পূর্ব-ভোগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতর ৩ জন টিভি সাংবাদিক পুলিশ কর্তৃক লাঞ্ছিত হন।