Saturday, June 25, 2011

ঢাকা-টঙ্গীবাড়ি সড়কে পরিবহন ধর্মঘট অব্যাহত

ফলোআপ
হাজার হাজার যাত্রী দুর্ভোগের শিকার
টঙ্গীবাড়ী থেকে মোজাফফর হোসেন ঃ চাঁদাবাজি ও পরিবহন শ্রমিকদের উপর নির্যাতন বন্ধে ঢাকা-টঙ্গীবাড়ি সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার ধর্মঘটের ৩য় দিনে হাজার হাজার যাত্রী দুর্ভোগে শিকার হচ্ছে। জানা গেছে, বুধবার সড়কে চাঁদাবাজি-নির্যাতন বন্ধের দাবিতে টঙ্গীবাড়ি উপজেলার বাজার ও সোনারং এলাকায় বাস ধর্মঘটের ডাক দেয় এসএস এবং ডিএম পরিবহনের বাস মালিক-শ্রমিকরা। টঙ্গীবাড়ি উপজেলার বাজার ও সোনারং বাস স্ট্যান্ডে প্রতিদিন ক্ষমতাসীন দলের ক্যাডারদের চাঁদা আদায়ের ঘটনায় পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয় বলে তারা জানায়।

এদিকে ধর্মঘটের কারণে বুধবার থেকেই টঙ্গীবাড়ি উপজেলা বাজার ও সোনারং স্ট্যান্ড বাস শুণ্য হয়ে পড়ে। এতে সকাল থেকে যানবাহনের অভাবে যাত্রীদের দুর্ভোগে পোহাতে হয়। সাধারনত বৃহস্পতি ও শুক্রবার ঢাকা থেকে অধিকাংশ মানুষই গ্রামের বাড়িতে আসে। তবে কালীবাড়ি- বেতকা- ঢাকা মহাসড়কে পরিবহন ধর্মঘট থাকায় অনেকেই এ সপ্তাহে গ্রামের বাড়িতে আসতে পারেনি, আর যারা এসেছে তারা আবার গাড়ী নাপেয়ে ঢাকায় ফিরতে পারছেন না। টঙ্গীবাড়ী ও সোনারং বাস স্ট্যান্ড ঘুরে দেখাগেছে শতশত যাত্রী বাসের অপেক্ষায় দাড়ীয়ে আছে।

টঙ্গীবাড়ী বাজার স্ট্যান্ডে ঢাকা গামী যাত্রী তাহ্সিনা আক্তার জানান, আমি ঢাকার জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ে পড়ি, বৃহস্পতিবার ঢাকা থেকে সি এন জি তে করে এসেছিলাম এখন ২ ঘন্টা ধরে দাড়িয়ে থেকেও যাবার জন্য গাড়ী পাচ্ছিনা। পরিবহন শ্রমিক দের সাথে কথা বললে তারা জানান, ক্ষমতাসীন দলের ক্যাডাররা চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হবে। অন্যথায় ধর্মঘট অব্যাহত থাকবে। প্রয়োজনে টঙ্গীবাড়ী বাজার ও সোনারং স্ট্যান্ড বাদ দিয়ে আমরা বেতকা চৌরাস্তা থেকে গাড়ী চালাব। এ ঘটনায় প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন বলে শ্রমিকরা অভিযোগ করে।

টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জ