পুলিশের বাধার মুখে সবাই এফডিসি’র অভ্যন্তরে চলে যান। পরে পরিস্থিতি শান্ত হলে সবাই যার যার বাড়িতে চলে যান। একটি সান্ধ্যকালীন দৈনিক বিশাল আকারে সংবাদ প্রকাশ করে যে, চাষী নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে চাষী নজরুল ইসলামের সঙ্গে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবরটি ঠিক নয়। আমাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি আরও বলেন, আমরা চারজন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব (চাষী নজরুল ইসলাম, গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির ও আবু সালেহ) এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী বেবী নাজনীন ও মনির খানসহ অন্য শিল্পীরা স্বাধীন দেশের রাজপথে হেঁটে যাবার সময় পুলিশের বাধার সম্মুখীন হবে- এটা আমাদের অবাক করেছে। তিনি বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ।
হরতালের সমর্থনে মৌন মিছিল করার অধিকার আমাদের আছে। কিন্তু পুলিশ আমাদের সঙ্গে যে আচরণ করেছে তা মোটেই মেনে নেয়া যায় না। একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে সরকার যাদের সম্মানিত করবেন আবার পুলিশ দিয়ে অপমানিত করবেন এটা কেমন কথা। সরকারের নিজের স্বার্থেই এ ধরনের মনোভাবের পরিবর্তন আসা উচিত বলে চাষী নজরুল ইসলাম মন্তব্য করেন।