Friday, June 24, 2011

টঙ্গিবাড়িতে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রহিমগঞ্জ বাজারে কয়েক সপ্তাহ আগে স্থানীয় প্রভাবশালী তোফাজ্জল সিকদার ও মনির মাদবর এ দোকান ঘর নির্মাণ করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানা গেছে, টঙ্গিবাড়ি উপজেলার রহিমগঞ্জ বাজারে (বেওনিয়া) পোস্ট অফিস সংলগ্ন সরকারি জায়গায় স্থানীয় তোফাজ্জল সিকদার ও মনির মাদবর দোকান ঘর নির্মাণ করেন। বাজার কমিটির সভাপতিকে উৎকোচ দিয়ে এই দোকান ঘর নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মফিজ হালদার বলেন, যে স্থানে দোকান ঘর নির্মাণ করা হয়েছে তা সরকারি জায়গা।
স্থানীয় যুবলীগ নেতা কাজল খান বলেন, বিএনপির এক নেতার ছত্রছায়ায় সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করা হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান সিকদার বলেন, বাজার কমিটির সভাপতির অনুমতি নিয়ে মনির মাদবর নামে এক ব্যক্তি দোকান ঘর নির্মাণ করেছে। এ বিষয়ে বাজার কমিটির সভাপতি তোতা সিকাদর দোকান ঘর নির্মাণ করার অনুমতি দেয়ার কথা স্বীকার করেছেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আজিজুল আলমকে বিষয়টি অবগত করা হলে তিনি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।