রাজধানীর জুরাইনে গৃহবধূ ফারজানা রিতা ও তার দুই শিশু সন্তানের আত্মহননে প্ররোচনা মামলায় রিতার স্বামী রাশেদুল কবির এবং তার দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। অভিযুক্ত অপর দু'জন হলেন রাশেদুলের ভগ্নিপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী ও গাড়িচালক আল আমিন। এছাড়া রাশেদুলের বাবা দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবিরসহ অপর ৫ জনকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন আজ রোববার এ আদেশ দেন।
আসামি পক্ষে এডভোকেট এহসানুল হক সমাজী মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন স্পেশাল পিপি রফিক উদ্দিন বাচ্চু।
প্রসঙ্গত, গত বছরের ১১ জুন সাংবাদিক শফিকুল কবিরের পুত্রবধূ রিতা তার দুই শিশু সন্তানসহ আত্মহত্যা করে। এ ঘটনায় নিহত রিতার মা মাজেদা বেগম বাদী হয়ে কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে। তদন্ত শেষে পরিদর্শক মাহবুবুর রহমান দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির এবং রিতার স্বামী রাশেদুল কবিরসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযুক্ত অন্যরা হলেন রিতার শাশুড়ি নূর বানু, রাশেদুল কবিরের দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, দুই ননদ সুখন কবির ও কবিতা কবির, ননদের স্বামী দেলোয়ার হোসেন, ওষুধের দোকান মালিক আবুল কালাম আকন্দ ও গাড়িচালক আল আমিন। এর মধ্যে গাড়িচালক ছাড়া অন্য সকলে জামিনে রয়েছেন।