রাষ্ট্রীয়ভাবে কবি নজরুলের গবেষণা জোরদারের আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্ম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে যদি মূল্যায়ন করতে হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে নজরুল গবেষণার কার্যক্রম জোরদার করতে হবে। নজরুলের উপর গবেষণা যত বাড়বে। জাতীয়ভাবে আমরা ততই উপকৃত হবো। যতদিন তিনি (নজরুল) লিখেছেন ততদিনই তিনি তার লেখার মাধ্যমে আন্দোলন করে গেছেন। নজরুলের গান-কবিতা আমাদের অনুপ্রেরণা জাগিয়েছে।
নজরুল গবেষণা কার্যক্রমের সাথে সম্পৃক্তদের সুযোগ-সুবিধা বৃদ্ধিরও দাবি জানান তিনি। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান নৃত্য পরিবেশন করেন জাসাস কর্মীরা।