Tuesday, May 03, 2011

ড. কামাল হতাশাগ্রস্ত ব্যক্তি: এটর্নি জেনারেল

এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ড. কামাল হোসেন একজন হতাশাগ্রস্ত ব্যক্তি। হতাশা থেকেই তিনি আমাদের উচ্চ আদালতকে জংলী আইন ও জংলী শাসনের সাথে তুলনা করেছেন। একই সাথে বর্তমান বিচার ব্যবস্থা ও আইনের শাসনকে ভয়াবহ বলে তিনি (কামাল) যে মন্তব্য করেছেন, তা খুবই দুঃখজনক।

এটর্নি জেনারেল বলেন, বর্তমান বিচার ব্যবস্থা স্বর্ণযুগে প্রবেশ করেছে। আমাদের উচ্চ আদালত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছেন। বর্তমান সময়েই ৫ম সংশোধনী বাতিল, ৭ম সংশোধনী বাতিল, জেল হত্যা মামলা, স্বাধীনতার ঘোষক, নদী রক্ষা, পরিবেশ রক্ষাসহ বহু গুরুত্বপূর্ণ মামলা উচ্চ আদালত নিষ্পত্তি করেছে। এসব মামলায় সাহসিকতাপূর্ণ রায়ের মাধ্যমে যে আদালত স্বর্ণযুগে প্রবেশ করলো, সে আদালতকে জংলী বিচার ব্যবস্থার সাথে তুলনা করা দুঃখজনক বলেও এটর্নি জেনারেল মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ড. মুহাম্মদ ইউনূসের আবেদনের ওপর শুনানি শেষে নিজ দফতরে এক ব্রিফিং-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল এসব কথা বলেন।
প্রসঙ্গত, ড. কামাল হোসেন সোমবার সাংবাদিকদের কাছে বিচার ব্যবস্থা সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আপিল বিভাগে ইউনূসের পক্ষে শুনানিতে বাধাগ্রস্ত হয়ে আদালত থেকে বের হয়ে ড. কামাল বলেন, বর্তমান বিচার ব্যবস্থা জংলী আইনের চেয়েও খারাপ। আমি আইউবের শাসন দেখেছি, স্বৈরশাসন দেখেছি। বৃটিশ কলোনিয়াল শাসনের ইতিহাস পড়েছি। কিন্তু বর্তমান বিচার ও শাসন ব্যবস্থা সেসবের চেয়েও বহুগুণে খারাপ। ড. কামাল আরো বলেন, আইউবের শাসন, স্বৈরশাসন এমনকি ওয়ান-ইলেভেনের সময়েও আমরা আদালতে কথা বলার সুযোগ পেয়েছি। বর্তমান সময়ে সে সুযোগও পাচ্ছি না।