প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন বলেছেন, পদ্মা বহুমুখী সেতুর নামকরণ শেরে বাংলা একে ফজলুল হকের নামে করা হবে। এ ব্যাপারে মন্ত্রিসভায় প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ আয়োজিত আপামর বাঙালির প্রিয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় গুণীজনকে শ্রদ্ধা করে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জাতীয় নেতাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে গেছেন। কিন্তু চাটুকাররা বিভিন্ন সময় ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে। শেরে বাংলা ফজলুল হকের প্রতি আওয়ামী লীগ সরকারের শ্রদ্ধা আছে বলেই পদ্মা সেতুর নামকরণ তার নামে করার আলোচনা চলছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শেরে বাংলার অনুসারী ছিলেন। বঙ্গবন্ধু কৈশোরে মহান নেতা শেরে বাংলার সানি্নধ্য পেয়েছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে শেরে বাংলা একে ফজলুল হক, মওলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের পরবর্তী জাতীয় নেতার তালিকায় অনেকে ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে ৫ম নেতা বানানোর চেষ্টা করছে। এই অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে। আমরাও তা মানি না, মানবো না।
দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে বলে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৯৯.২৬ শতাংশ শিশুদের স্কুলমুখী করা গেছে। বাকি ০.৬৪ শতাংশকে আগামী ৮ মাসে আনা যাবে। সরকার ৮ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা এবং নবম, দশম এবং দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা আগামী জানুয়ারি থেকে চালু করবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় শিক্ষানীতি করা হয়েছে।
গবেষণা পরিষদের চেয়ারম্যান এস এম এ বারী'র সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহিউদ্দিন সিলেটি, সমাজ কর্মী রাজিয়া সুলতানা এবং গোস্বামী নয়ন প্রমুখ।