এ বিষয়ে রোমানা বলেন, 'কাজলদাকে বলেছিলাম যত চ্যালেঞ্জিং চরিত্রই হোক না কেন আমাকে সুযোগ দেবেন। আমি নিজেকে প্রমাণ করতে চাই। দাদা আশ্বাস দিয়েছিলেন। এখন পর্যন্ত আমার বেশির ভাগ ছবিই তাঁর সঙ্গে করা।'
পরিচালক পিএ কাজল বলেন, 'রোমানা চলচ্চিত্রে আসতে চায়নি। আমিই জোর করে ওকে রাজি করিয়েছিলাম। আমি জানি, সে যথেষ্ট মেধাবী। আর এই মুহূর্তে মমতার মতো চরিত্রে রোমানাকেই যোগ্য মনে হয়েছে।'
'বদলে যাও বদলে দাও' ছবির কাহিনী লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। তিনি বলেন, 'কাজলদাই প্রথমে আমাকে মমতাদির মতো একটি চরিত্র নিয়ে গল্প লিখতে বলেন। লেখালেখি প্রায় শেষ। ছবিতে রোমানাকে প্রথমে ছিন্নমূল একজন সৎ ও আদর্শবান নারী হিসেবে দেখা যাবে। যে চাকরির খোঁজে শহরে এসে ধীরে ধীরে প্রতিবাদী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত একটি রাজনৈতিক দলে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দলটি রোমানার তুমুল জনপ্রিয়তায় সংসদ নির্বাচনে জয়ীও হয়।'
জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ছবির শুটিং শুরু হবে। শুটিং হবে পুবাইল, সিলেট, ঢাকার বিভিন্ন বস্তি ও জাতীয় সংসদের আশপাশে।