মুন্সীগঞ্জে ১ লাখ ৬৩ হাজার ৩শ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া আরো ১ লাখ ৩৭ হাজার ৩শ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। আজ রোববার সকালে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহজাহান মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে আজ থেকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সকালে জেলা সদর হাসপাতালে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএমএর সভাপতি ডা. আখতার হোসেন বাপ্পী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এহসানুল করিম প্রমুখ।
এ ক্যাম্পেইন আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। এতে জেলার সকল স্বাস্থ্যসেবা কেন্দ্র কেন্দ্র, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টিকাদান কেন্দ্রে প্রতিটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো যাবে বলে জানা গেছে।