Tuesday, May 24, 2011

ওয়ান-ইলেভেনের পর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীনগর বিএনপি

ওয়ান-ইলেভেনের ধাক্কা সামলিয়ে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি। পারিবারিক দাওয়াত, মিলাদ মাহফিল ও জানাজায় অংশ নেয়া ছাড়া বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ধানের শীষের শক্ত অবস্থান হারিয়ে আভ্যন্তরীণ কোন্দল এবং নতুন নেতৃত্বের প্রভাবে অনেক প্রবীণ নেতা কোণঠাসা হয়ে পড়েছেন।

জানা গেছে, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সঙ্গে উপজেলা বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে। কোন্দলের কারণে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ কর্মকাণ্ডের পরিবর্তে যে যার মতো সাংগঠনিক কর্মতৎপরতায় ব্যস্ত। কেন্দ্র ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে আগের মতো শত-সহস্র কর্মীদের উপস্থিতি দেখা যায় না। আবার বহিষ্ককারের ভয় ও নানা প্রতিবন্ধকতা পেয়ে বসেছে বিএনপিকে। দলটির সহযোগী সংগঠনগুলোর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ব্যস্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখতে। ফলে প্রতিপক্ষ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের নেতৃত্বের দূরদর্শিতার কাছে নতজানু হয়ে পড়েছে শ্রীনগর বিএনপি।

এ ব্যাপারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী বলেন, আগামীতে শক্তিশালী বিএনপি গড়ে তুলতে দলের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই। একই অভিমত কেন্দ্রীয় বিএনপির সদস্য সফি বিক্রমপুরীসহ একাধিক প্রবীণ ও ত্যাগী নেতার।