Friday, May 06, 2011

একাই বাজাব, একাই গাইব

আজ রাত সাড়ে ১১টায় আরটিভিতে রয়েছে লাইভ সংগীতানুষ্ঠান 'ঘুরে দাঁড়াও বাংলাদেশ'। অনুষ্ঠানে আজ গান গাইবেন সায়ান। অনুষ্ঠান এবং বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন রবিউল ইসলাম জীবন
আজকের অনুষ্ঠান নিয়ে প্রস্তুতি কেমন?
বরাবরের মতোই লাইভে যাওয়ার আগে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। গত কয়েক দিন কিছু গান চর্চা করেছি। কতটা পেরেছি সেটা অনুষ্ঠানে গাইতে গেলেই বুঝতে পারব। তবে আজকের অনুষ্ঠানে শ্রোতারা আমাকে ভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন।

সেটা কী?
এত দিন বিভিন্ন টিভি অনুষ্ঠানে আমি গিটার এবং হারমোনিয়াম বাজিয়ে গান করতাম। আজ হারনোমিয়াম থাকছে না। গিটারের সঙ্গে থাকছে কিবোর্ড। বাসায় বাজালেও আজই প্রথম টিভিতে কিবোর্ড বাজিয়ে গান করব। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এ ছাড়া এত দিন সঙ্গে একজন তবলাবাদক থাকলেও আজ থাকছেন না। বলতে পারেন একাই বাজাব, একাই গাইব।

কোন গানগুলো গাইবেন?
বেশ কিছু গান বাছাই করে রেখেছি। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন অ্যালবামে গাওয়া 'আমার আছে রাজপ্রাসাদ', 'গান পাপি', 'এখানেই সুখ ছিল একদিন', 'কোল বালিশ', 'ফিরতে ঘরে', বন্ধুকে নিয়ে 'হারিয়ে যাওয়া বন্ধু', প্রবাসীদের নিয়ে করা 'যাব এবার যাব_টু' প্রভৃতি। 'আলো', 'নেতা ভাই' এবং 'তার মানে কি এই' নামে তিনটা নতুন গান করব। এগুলো আগে কোথাও করিনি। আমার পছন্দের শিল্পী শাহনাজ রহমতুল্লাহর 'খোলা জানালা' গানটিও করার ইচ্ছা আছে। যেহেতু ফোনে দর্শক-শ্রোতাদের অংশগ্রহণের সুযোগ থাকছে, সেহেতু তাদের পছন্দের ওপরও অনেক কিছু নির্ভর করবে।

নতুন অ্যালবামের খবর কি?
আপাতত নতুন অ্যালবাম নিয়ে কোনো পরিকল্পনা নেই। অনেক গান তৈরি করে রেখেছি। এখনো রেকর্ড শুরু করিনি। টিভিতে এবং বিভিন্ন অনুষ্ঠানে গাইছি। অ্যালবাম করতে গেলে অনেক হিসাব চলে আসে। তার চেয়ে বরং এভাবে শ্রোতার জন্য গান করে যাওয়াই ভালো।

চলচ্চিত্রে গান করার ইচ্ছা আছে
চলচ্চিত্রে গাওয়ার জন্য ইচ্ছার চোটে খুব যে মারা যাচ্ছি তা নয়। আবার অনিচ্ছাও নেই। সব কিছু মিলে গেলে করতে পারি।

[ad#bottom]