রাহমান মনি
আল কায়দা নেতা ওসামা বিন লাদেন নিহত হবার প্রতিক্রিয়ায় জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বলেছেন আমেরিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘ যৌথ প্রচেষ্টার ফলেই বিন লাদেনকে হত্যা করা সম্ভব হয়েছে। জাপান সবসময়েই সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ছিলো এবং আফগানিস্তান ও পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে তার পূর্ণ সহযোগিতা বজায় রেখেছে। জাপান সন্ত্রাসের বিরুদ্ধে অর্জিত এই সাফল্যকে স্বাগত জানায় এবং এই সাফল্যের জন্য আমেরিকা ও পাকিস্তানের প্রতি তার শ্রদ্ধাবোধ রয়েছে।
কান বলেন যদিও বিন লাদেনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে কিন্তু তা সত্বেও আল কায়দার মত সন্ত্রাসী সংগঠনদের তত্পরতার হুমকিকে দূর করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আল কায়দার তত্পরতার দিকে গভীর লক্ষ্য রাখা এবং দীর্ঘ মেয়াদী সন্ত্রাসবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়া। এ কারণে আফগানিস্তানের স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের এক সাথে কাজ করা উচিত।
কান আরো বলেন, জাপান ইতিমধ্যেই দেশে এবং বহির্বিশ্বে জাপানিদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে সরকার সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদারের নির্দেশ দিয়েছে। জাপান সরকার তার সন্ত্রাসবিরোধী কর্মতত্পরতা অব্যাহত রাখবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট একটি দায়িত্বশীল রাষ্ট্রের মত আচরণ করবে।