
চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম 'দেবদাস'র শুটিং সম্পন্ন করেছেন। ২৭ মে পুবাইলের একটি বটবৃক্ষের নিচে 'দেবদাস' ছবির শেষ দৃশ্য অর্থাৎ দেবদাসের মৃত্যুদৃশ্যের চিত্রায়নের মাধ্যমে ছবিটির কাজ শেষ করেছেন তিনি।
এই দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন 'দেবদাস' শাকিব খান। ইমপ্রেস টেলিফিল্মের ৫০তম এ প্রযোজনাটিতে পার্বতী চরিত্রে অপু বিশ্বাস, চন্দ্রমুখী চরিত্রে মৌসুমী এবং চুনিলাল চরিত্রে শহীদুজ্জামান সেলিম অভিনয় করেছেন। চাষী নজরুল ইসলাম জানিয়েছেন, অনেক সময় নিয়ে ও যত্ন করে ছবিটির কাজ করেছি। এখন শুরু হবে ছবির অন্যান্য কাজ। উৎসবমুখর কোনো এক দিনে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তিনি আর বলেন, গতকাল থেকে ছবির পোস্ট প্রডাকশনের কাজ শুরু হয়েছে। এডিটিং, ডাবিংসহ অন্যান্য কাজ শেষে জুনের মধ্যেই ছবিটি সেন্সরে জমা দিতে পারব বলে আশা করছি।

ছবিটির পরিবেশনার দায়িত্ব পেয়েছে আশীর্বাদ চলচ্চিত্র। শীঘ্রই ছবিটির প্রচারণার কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ প্রতিদিন