Friday, May 06, 2011

ড. ইউনূসের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকার অধিকার নেই: অ্যাটর্নি জেনারেল

আপিল বিভাগের আদেশের পর ড. মুহাম্মদ ইউনূসের আর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকার অধিকার নেই। অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম বৃহস্পতিবার রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, এ আদেশের কোনো অংশ পরিবর্তিত না হওয়া পর্যন্ত ড. ইউনূসের পরিচালক পদে বসারও কোনো সুযোগ নেই।

তিনি জানান, এ আদেশের মাধ্যমে ড. ইউনূসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া আদেশ বহাল থাকলো।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিলের খারিজ আদেশ প্রত্যাহারে করা আবেদনটি খারিজ করে দেন। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকের করা লিভ টু আপিলও খারিজ করেছেন আপিল বিভাগ।

তবে ইতোমধ্যে এ আদেশের বিরুদ্ধে রিভিও আবেদন করার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

মাহাবুবে আলম বলেন, ‘এই আদেশের ফলে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হয়েছে। প্রমাণিত হয়েছে ব্যক্তি নয় রাষ্ট্রই বড়। কোনো ব্যক্তি রাষ্ট্রকে ছাপিয়ে যেতে পারে না।’

ড. ইউনূস এখন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হতে পারবেন কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকের ১২ জন পরিচালকের মধ্যে ৩ জন সরকার মনোনীত। এই তিনজনের মধ্য থেকেই চেয়ারম্যান নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে ড. ইউনূসের চেয়াম্যান হওয়ার কোনো সুযোগ নেই।’

উল্লেখ্য সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর গ্রামীণ ব্যাংকের নির্বাচিত ৯ পরিচালকের পক্ষে রহিমা বেগম লিখিত বক্তব্যে ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।


বাংলানিউজটোয়েন্টিফোর.কম