মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পদ্মহেমধাম সাধুসঙ্গ ২০১৪। ৫ তারিখ বিকাল থেকে শুরু হয়ে চলবে ৬ তারিখ গভীর রাত অবধি। ১০ম বারের মতো আয়োজিত এ উৎসবে বাংলাদেশ, ভারত ও জাপান থেকে আগত বাউলবৃন্দ লালনের গান পরিবেশন করবেন বলে জানিয়েছেন আয়োজক বাউল তকবির হোসেন শাহ। আমন্ত্রিত বাউলদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টুনটুন বাউল (বাংলাদেশ), বাউল শফিমন্ডল (বাংলাদেশ), সুমন্ত বাউল (ভারত), মদন দাস বাউল (ভারত), সাধন খেপা (ভারত) ও বাউল মাতাজিমা (জাপান)।দেশি বিদেশি এসব বাউলশিল্পীরা লালনের গানের পাশাপাশি নিজেদের গান, ভজন ও বয়ান বিশ্লেষণ ও পরিবেশন করবেন দু'দিন ব্যাপি এই অনুষ্ঠানে।

ঢাকা থেকে যেতে চাইলে গুলিস্তান, ফুলবাড়িয়া থেকে বাসে করে মুন্সীগঞ্জের সিরাজদিখান নামতে হবে। সিরাজদিখান থেকে টমটমে চড়ে যেতে হবে রামানন্দ প্রাইমারি স্কুল । তারপর ছোট্ট ইছামতি নদী পার হলেই লালন শাহ বটতলা, পদ্মহেম ধাম। এই ইছামতির পাড়েই বসবে লালন ভক্ত ও শীল্পিদের এ মিলনমেলা।
বিকেল থেকেই থেকে শুরু হবে গান। গরুর দুধের চা, পিঠা, কুয়াশার ঠাণ্ডাতে লালনের হৃদয়গ্রাহী গান পূর্নিমার রাতটাকে করে তুলবে আরো মোহময়, আরও স্মরণীয়।
বাংলা ট্রিবিউন