Sunday, November 09, 2014

জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রশ্ন ফাঁস!

মোজাম্মেল হোসেন সজল: সারাদেশে শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রশ্নপত্র মুন্সীগঞ্জে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফাঁস হওয়া প্রশ্নপত্র হুবহু মিলে যাচ্ছে। একটি চক্রের মাধ্যমে পরীক্ষা শুরু হওয়ার ২-৩দিন আগেই সংশ্লিষ্ট প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এসব প্রশ্ন চক্রটির মাধ্যমে শিশু শিক্ষার্থীদের কাছে পৌছে যাচ্ছে। এতে করে ভালোমানের শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।

প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডিন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এক পরীক্ষার্থী জানান, শুক্রবার বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়। পরীক্ষার ২দিন আগেই শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র চলে আসে। ওই প্রশ্নের প্রতি গুরুত্ব না দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেয়া হয়। কিন্তু পরীক্ষা হলে গেলে প্রশ্ন দেয়ার পর ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে হুবহু মিল দেখা যায়। এতে করে ভালো মানের শিক্ষার্থীরা সারা বছর পরিশ্রম করে একটা খারাপ মানের শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতায় মার খাচ্ছে। পরীক্ষার পর রেজাল্ট বের হলে দেখা যায় দুর্বল শিক্ষার্থীই ভাল রেজাল্ট করছে।

একই কথা বললেন শহরের এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী। তিনি বললেন, সবার হাতে হাতে এখন ফাঁস হওয়া প্রশ্ন। কিন্তু আমরা ওই প্রশ্নের দিকে গুরুত্ব দিচ্ছি না। কারন, পরীক্ষা হলে গিয়ে যদি দেখি, ওই পরীক্ষায় প্রশ্ন আসেনি-তাহলেতো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু খারাপ শিক্ষার্থীরাতো ওই প্রশ্ন ফলো করে পুরো মার্কে উত্তর দিয়ে আসছে।

এদিকে, রোববার শুরু হচ্ছে অঙ্ক পরীক্ষা। এ পরীক্ষার প্রশ্নও এখন ফাঁস হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। অনেক পরীক্ষার্থী এ প্রশ্ন ফলো করে প্রস্তুতি নিয়েছেন বলে একাধিক শিক্ষার্থী জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার মো. শরীফুল ইসলাম বলেন, জেলায় এবার ২০হাজার ১৪৬ জন জেএসসি ও জেডিসি পরীক্ষা দিচ্ছে। ঘটনার বাস্তবতা থেকে থাকলে দুর্বল আর ভালো মানের শিক্ষার্থীর মধ্যে কোন পার্থক্য থাকবে না। যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

মুন্সীগঞ্জ বার্তা