Tuesday, July 05, 2011

শ্রীনগরে যুবককে কুপিয়ে জখম

চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় মুন্সীগঞ্জের শ্রীনগরে আবু কালাম নামে এক যুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাঘরা বাজারে ঘটনাটি ঘটে। আহত যুবক আবুল কালামকে আশঙ্কাজনক আহতাবস্থায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঘরা গ্রামের আয়নাল শেখ নামের এক ব্যক্তি তার নিজ জায়গায় মার্কেট নির্মাণ করেন। এতে একই গ্রামের জসিম ও শাহিনসহ একটি সন্ত্রাসী বাহিনী আয়নাল শেখের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এ বিষয়টি আয়নাল শেখের স্বজন আবু কালাম জানতে পেরে এর প্রতিবাদ করে। এর জের ধরে জসিম ও শাহিনের লোকজন আজ আবু কালামকে বাঘরা বাজারে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। শ্রীনগর থানার ওসি মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।