Monday, July 04, 2011

দুই পর্দায় সমান ব্যস্ত

দুই পর্দায় সমানভাবে ব্যস্ত মডেল, অভিনেত্রী এবং চলচ্চিত্র নায়িকা রোমানা। বর্তমানে এনটিভিতে প্রচার চলছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘টার্মিনাল’। নাটকটি পরিচালনা করছেন সকাল আহমেদ। একুশে টেলিভিশনে প্রচার চলছে কায়সার আহমেদের পরিচালনায় ‘অহংকার’; এছাড়াও সমপ্রতি সকাল আহমেদের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন। খুব শিগগিরই একই পরিচালকের আরও দু’টি একক নাটকের শুটিং করবেন বলে পরিচালক জানিয়েছেন। বলা যায়, নিয়মিত টেলিভিশন নাটকে অভিনয়ে ব্যস্ততা কাটছে রোমানার। তিনি বলেন, টেলিভিশন নাটক দিয়ে আমার অভিনয় শুরু। তাই বার বার চাইলেও এতে অভিনয় ছাড়তে পারিনি। তাই ভাল একটি চরিত্রের প্রস্তাব পেলে ফেরাতে পারিনা। একই সঙ্গে চলচ্চিত্রেও প্রিয় চরিত্রগুলোর সঙ্গে নিজেকে জড়িয়ে নেন রোমানা। এমনই একটি নায়িকা প্রধান চরিত্রে অভিনয় করছেন এখন ‘তোমাকে ভুলবো না’ ছবিতে। এতে তার বিপরীতে আছেন সময়ের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। বর্তমানে শুটিং চলতি রঞ্জন কুমার শিবুর প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন শাহাদাৎ হোসেন লিটন। এতে আরও অভিনয়ে আছেন অপু বিশ্বাস, মিশা সওদাগরসহ অনেকে। একই সঙ্গে শুটিং চলছে এমএ আউয়ালের পরিচালনায় ‘কাছের শত্রু’ ছবিটি। এতে রোমানার নায়ক হিসেবে আছেন সম্রাট। ছবির গল্প গড়ে উঠেছে, একই বিশ্ববিদ্যালয়ে পড়ে রোমানা ও সম্রাটকে কেন্দ্র করে। ছবিতে আরও অভিনয় করছেন আমিন খান। এছাড়া রোমানা খুব শিগগিরই শুটিং শুরু করছেন পিএ কাজলের পরিচালনায় ‘বদলে যাও বদলে দাও’ ছবির। রোমানা বলেন, ছবিতে অভিনয়ে যখন নেমেছি, তখন আর পিছু হটতে চাইনা। তাই একের পর এক ছবিতে নিয়মিত অভিনয় করে চলেছি। ছোটপর্দায় অভিনয় করলেও ধ্যান-জ্ঞানে কিন্তু বড় পর্দাই রয়েছে। রোমানা অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তি অপেক্ষায় আছে। এগুলো হলো- পিএ কাজলের পরিচালনায় ‘গরীবের ভাই’, বদিউল আলম খোকনের ‘বুক ফাটে তো মুখ ফোটে না’, এফআই মানিকের ‘এদেশ তোমার আমার’।