Saturday, July 02, 2011

পঞ্চসারে পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে সমাজচ্যূত

ইউপি নির্বাচনের জের ধরে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাজী জহুরুদ্দিন দেওয়ানকে সমাজচ্যূত করার ঘোষণা দেয়া হয়েছে। তাছাড়া তাকে মসজিদ কমিটির সহ-সভাপতি পদ থেকেও অব্যাহতি দেয়া হয়। আজ শুক্রবার জুমার নামাজ শেষে শহরের উপকণ্ঠ নয়াগাঁও গ্রামে পশ্চিমপাড়া সমাজের নয়াগাঁও বড় মসজিদের মুসল্লিরা এ ঘোষণা দেন। এ বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চেল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, পঞ্চসার ইউপি নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রচারিভযান চালাতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী হাজী জহুরউদ্দিন দেওয়ান প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান ও তার বাবা আব্দুল হক সম্পর্কে নানা অশালীন মন্তব্য ও কটুক্তি করেন। গত ১৮ জুন জেলা সদরের পঞ্চসার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান প্রার্থী জহুরউদ্দিন ৩ হাজার ৮শ’ ভোট পেয়ে পরাজিত হন। অপরদিকে পঞ্চসার ইউপিতে হাবিবুর রহমান ১৮ হাজার ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন।

এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি বিজয়ী প্রার্থী ও তার বাবার সম্পর্কে কটুক্তি করার জের ধরে শুক্রবার মুসল্লিরা জুমা নামাজ আদায় শেষে প্রকাশ্যে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও নয়াগাঁও বড় মসজিদ কমিটির সহ-সভাপতি হাজী জহুরউদ্দিনকে সমাজচ্যূত করেন। এ সময় মসজিদ কমিটির সহ-সভাপতি পদ থেকেও তাকে অব্যাহতি দেয়ার ঘোষণা দেন মসজিদ পরিচালনা কমিটি।

এ ব্যাপারে হাজী জহুরউদ্দিন একই সমাজে নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে প্রশ্ন রেখে বলেন, ইউপি চেয়ারম্যান হাবিব ও মসজিদ কমিটি আমাকে বাদ দেয়ার কে।