Thursday, June 30, 2011

মুন্সীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

মুন্সীগঞ্জ শহরের কাছে একটি প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসায় পপি আক্তার নামে প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের কাছে জিয়সতলা গ্রামে এআর ক্লিনিকে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি টঙ্গীবাড়ি বাজার এলাকায়। তার স্বামী আলী আকবর দিন মজুর। স্বামী আলী আকবর বাংলানিউজকে জানান, বুধবার মধ্যরাত ১২টার দিকে প্রসব বেদনা দেখা দিলে তার স্ত্রী পপিকে শহরের কাছে এআর ক্লিনিকে ভর্তি করা হয়।

রাত সাড়ে ১২ টায় এআর ক্লিনিকের ডাক্তার মঞ্জুরুল আলম পপির সিজার করেন।এ সময় একটি পুত্র সন্তান প্রসব হলেও রোগীর রক্তক্ষরণ শুরু হয়। এতে তার শারিরিক অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে।

আশংকাজনক অবস্থায় প্রসূতিকে ওই ক্লিনিকে ভর্তি রেখে ডাক্তার বলেন, ‘ভয়ের কিছু নেই। ভালো হয়ে উঠবে।’

রাত বাড়তে থাকলে তার শারিরিক অবস্থা আরও খারাপ হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রসূতি পপি।

এ ব্যাপারে ক্লিনিক মালিক সুমন মিয়া বাংলানিউজকে বলেন, ‘ রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এতে ডাক্তারের কিছুই করার ছিল না।’

এদিকে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহতের লাশ ক্লিনিকেই ছিলো।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
----------------------------------------