
একসঙ্গে দুটি অডিও অ্যালবাম তৈরি করলেন বরেণ্য সুরকার আলাউদ্দিন আলী। দুটোই মিশ্র অ্যালবাম। এর মধ্যে 'হৃদয়ের গান-১' অ্যালবাম সাজানো হয়েছে শুধু দেশের গান নিয়ে।
এতে সাবিনা ইয়াসমীন ২টি; রুমানা ইসলাম, দিনাত জাহান মুন্নী, তিশমা, বিউটি, লিজি আহমেদ, ফারজানা আলী, 'চ্যানেল আই সেরাকণ্ঠ' প্রতিযোগিতার কোনাল ও দীপ্তি একটি করে গানে কণ্ঠ দিয়েছেন। অন্যদিকে 'হৃদয়ের গান-২' অ্যালবামে থাকছে আধুনিক গান। এগুলো গেয়েছেন সুবীর নন্দী, রফিকুল আলম, এন্ড্রু কিশোর, শুভ্র দেব, মনির খান, এসআই টুটুল ও বিপ্লব। সব গান লিখেছেন জিয়া আহমেদ শেলী। আগামী ২৪ মে সন্ধ্যায় অ্যালবাম দুটির প্রকাশনা উৎসব হবে হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৈয়দ শামসুল হক আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন আসাদুজ্জামান নূর।
আলাউদ্দিন আলী জানান, 'একই মোড়কে দুটি সিডি থাকছে। ১০টি করে মোট ২০টি গান নিয়ে সাজিয়েছি এ আয়োজন। আমার ছেলে শওকত আলী রানার প্রতিষ্ঠান একতারা প্রোডাকশন অ্যালবাম দুটি প্রকাশ করছে। আমাদের সহযোগিতা করছে ডেস্টিনি গ্রুপ। আর পৃষ্ঠপোষকতায় টেলি যোগাযোগমন্ত্রী।' তিনি আরও বলেন, 'সাড়ে তিন বছর আগে মনির খানের একটি অ্যালবাম সর্বশেষ সুর করেছিলাম। তারপর অডিওতে আর কোনো কাজ করিনি। মেজর ফরিদ গীতিকার শেলীর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন। গত আড়াই মাসে গানগুলো তৈরি করেছি।'
[ad#bottom]