Thursday, May 26, 2011

কর্তব্যে অবহেলায় ফেরি শাহ মখদুমে অগ্নিকাণ্ড ঘটেছিল

কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতা ও কর্তব্য অবহেলার কারণেই মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের রো-রো ফেরি শাহ মখদুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। আজ বুধবার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষে প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন। এ ব্যাপারে বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) ও তদন্ত কমিটির প্রধান ড. জ্ঞান রঞ্জন শীল জানান, অগ্নিকাণ্ডের অনেক কারণ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। তবে এর মধ্যে অন্যতম কারণ ছিল কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে গাফিলতি। নৌরুটের হাজরা টার্নিংয়ে পদ্মার ডুবোচরে আটক পড়া ফেরিতে কয়েক জন কর্মচারীর অনুপস্থিতি থাকার প্রমাণ পাওয়া গেছে। ইঞ্জিন মাস্টার, ফেরির চালকসহ কর্মকর্তারা গাফিলতি করায় ফেরিতে আগুন ধরে যায়। তিনি জানান, এ সব বিষয়ের উপর প্রস্তুতকৃত তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ মে রাতে রো-রো ফেরি শাহ মখদুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই দিন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।