Monday, May 02, 2011

ধলেশ্বরী নদীতে কোকোসহ ৩ লঞ্চ থেকে ১শ’ ২০ মণ জাটকা আটক

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবোঝাই ৩টি লঞ্চ থেকে সোমবার সকালে ১শ’ ২০ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড সদস্যরা সোমবার ভোর থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে জাটকাগুলো আটক করে। পরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মৎস কর্মকর্তা মর্জিনা বেগমের কাছে আটক জাটকাগুলো হস্তান্তর করা হয়।

মৎস কর্মকর্তা মর্জিনা বেগম বাংলানিউজকে জানান, সোমবার সকালে ঢাকাগামী এমভি বাগেরহাট-১, এমভি কোকো-১ ও যুবরাজ-১ নামের পৃথক তিনটি যাত্রীবোঝাই লঞ্চে অভিযান চালিয়ে ওই জাটকা আটক করা হয়েছে।

তিনি জানান, আটক জাটকাগুলো পরে মুন্সীগঞ্জের কাঠপট্টী লঞ্চঘাটে প্রকাশ্য নিলামে ২ লাখ ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

ধারণা করা হচ্ছে, দক্ষিনাঞ্চল থেকে লঞ্চেবোঝাই করে জাটকাগুলো রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম