আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন এক চেয়ারম্যান প্রার্থী। আজ রোববার দুপুরে ছাত্রলীগ নেতা ও সোনারং-টঙ্গিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাহাত খান রুবেল উপজেলা নির্বাহি কর্মকর্তা ও রির্টানিং অফিসারের কাছে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, টঙ্গিবাড়ি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ সরকারি বরাদ্দ করা গাড়ি ও জ্বালানি অপচয় করে সোনারং-টঙ্গিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাঝি মো. বেলায়েত হোসেনের পক্ষে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এমনকি দাপ্তরিক কাজ ফেলে তার অফিস কক্ষেও ওই প্রার্থীকে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করছেন। অভিযোগকারীর কাছে তথ্য-প্রমাণাদিও আছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জেলা সদরে মিটিংয়ে থাকায় কিছু জানাতে পারেননি। এ দিকে উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।