Thursday, July 02, 2009

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল অধিকাংশ পদে জয়ী

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আফসার-বাসার পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১২টি পদে বিজয়ী হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি পদে কাজী আফসার হোসেন (নিমু কাজী), সাধারণ সম্পাদক পদে আবুল বাসার। আফসার-বাসার পরিষদের নির্বাচিত অপর সদস্যরা হলেন: সহ-সভপতি সাইফুল ইসলাম মাহমুদ, জাকারিয়া মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হিরু, কোষাধ্যক্ষ সালাউদ্দিন ঢালী, দপ্তর সম্পাদক আমীর হোসেন খান, লাইব্রেরী সম্পাদক মাসুদ আলম, ক্রীড়া সম্পাদক মিল্টন বসু, কার্যনির্বাহী সদস্য পারভেজ আলম, জসিম উদ্দিন খান, দেলোয়ার হোসেন খান বিজয়ী হন। বাকি ৩টি পদে আওয়ামী লীগ সমর্থিত সলিল সরকার-নাসিমা আক্তার পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক পদে হাবিবুর রহমান এবং আনোয়ার হোসেন ও আক্তার হোসেন কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন এডভোকেট নজরুল ইসলাম খান। ১৭০ জন ভোটারের মধ্যে ১৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Wednesday, July 01, 2009

ভেঙে পড়েছে মুন্সীগঞ্জের স্বাস্থ্যসেবা

কাজী দীপু, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নতুন সিভিল সার্জন যোগদান না করায় ৬ মাসে ৫ জন ভারপ্রাপ্ত সিভিল সার্জন দিয়ে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম পরিচালিত হওয়ায় ভেঙে পড়েছে জেলার স্বাস্থ্য সেবা। এতে জেলার ১৫ লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এমনকি সিভিল সার্জন না থাকায় ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীরাও সঠিক সময়ে তাদেরও বেতন উত্তোলন করতে পারছে না।

সূত্র জানায়, মুন্সীগঞ্জে সিভিল সার্জন হিসেবে এনায়েত করিম ২০০৮ সালের ৩০ ডিসেম্বর বদলি হলে তার স্থলে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুর রশীদ নামের নাক, কান, গলা বিভাগের এক কনসালটেন্ট। তিনি চলতি বছরের ২১ ফেব্র“য়ারি দায়িত্ব ছেড়ে দিলে তারস্থলে ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেন ডা. সাজেদুল ইসলাম। তিনি ২৮ মে দায়িত্ব ছেড়ে দেয়ার পর আবার দায়িত্ব নেন ডা. আব্দুর রশীদ। তিনি ২৮ মে দায়িত্ব গ্রহণ করলে ২৫ দিন পর তাকে পরির্বতন করে ২২ জুন ডা. সুদীপ কুমার বোসকে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব দেয়া হয়। তিনিও গতকাল সোমবার এলপিআরে চলে গেছেন। এখন আবার আব্দুর রশীদকে দায়িত্ব দেয়া হয়েছে। জানা গেছে, গত ৬ মাসে নতুন সিভিল সার্জন যোগদান না করায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন দিয়ে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগ পরিচালিত হওয়ায় ভেঙে পড়েছে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম। এমনকি এখানে কর্মরত ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতন উত্তোলন করতে পারছে না। কর্মকর্তারা জানায়, সঠিক সময়ে বেতন তুলতে না পারায় প্রতিটি পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে। এ কারণে কর্মকর্তা কর্মচারীরা মনোযোগ দিয়ে তাদের দায়িত্ব পালন করছে না।

মুন্সীগঞ্জের শ্রীনগরে টেন্ডার ছাড়াই প্রতœ নিদর্শন বিক্রি!

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: শ্রীনগর উপজেলায় ভারতবর্ষের বিখ্যাত জমিদার হরেন্দ্রলাল রায় বাহাদুরের কাঁচারি প্রাসাদটি টেন্ডার ছাড়াই বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। প্রায় দুশ বছরের প্রাচীন এই প্রাসাদটির প্রতœ নিদর্শন হিসেবে গুরুত্ব রয়েছে বলে সচেতনমহল জানিয়েছেন। ইতোমধ্যে ক্রেতা ভবনটি ভেঙেও ফেলেছেন বলে জানা গেছে। লোহার ভিম, দরজা জানালা ও ইট বিক্রি করা হয়েছে। জানা গেছে ভবনটির প্রতœতাত্ত্বিক মূল্য ছাড়াও প্রকৃত মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা। জানা যায়, কয়েক বছর আগে এই অনিন্দ্যসুন্দর প্রতœ নিদর্শনটি রক্ষার জন্য স্থানীয় ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ লক্ষাধিক টাকা ব্যয় করে।

অভিযোগে জানা গেছে, ১৮৮৭ সালে হরেন্দ্রলাল কর্তৃক প্রতিষ্ঠিত এই কাঁচারি প্রাসাদটি ১৯০০ সালে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। বিক্রির আগ পর্যন্ত এটি ছিল অর্পিত সম্পত্তি। ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চবিদ্যালয়ের দক্ষিণে অবস্থিত এ স্থাপনা সম্প্রতি টেন্ডার ছাড়াই মাত্র ৮০ হাজার টাকায় আওয়ামী লীগ কর্মী নাজিম সরদারের কাছে বিক্রি করে দেয়া হয়।

কলকাতা বেঙ্গল মহাজন সভার সভাপতি, মিডফোর্ট হাসপাতালের লাইফ গভর্নর, মুন্সীগঞ্জ হরেন্দ্রলাল পাঠাগারের প্রতিষ্ঠাতা, মুন্সীগঞ্জ-বিক্রমপুরের প্রথম কলেজের প্রতিষ্ঠাতা, দানবীর, জমিদার হরেন্দ্রলাল রায়ের অনন্য কীর্তি ছিল এই কাঁচার প্রাসাদ। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মনির হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেই ভবনটি বিক্রি করা হয়েছে।

Tuesday, June 30, 2009

মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে অভিযোগ

মেঘনা নদীর তীর ঘেঁষে অবৈধভাবে মাটি কাটছে দুর্বৃত্তরা, বিলীন হচ্ছে গ্রাম
কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নের কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীর ঘেঁষে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বালু মহালের সীমানা অতিক্রম করে গ্রাম ঘেঁষে মাটি কাটায় এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এর প্রতিবাদে কালিরচর গ্রামবাসী সম্প্রতি জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করে। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে অনুরোধ জানিয়েছেন।

গ্রামবাসীর অভিযোগÑ কালিরচর গ্রামে আট হাজার জনগোষ্ঠীর বসবাস। বর্তমান সরকার সমর্থক দুর্বৃত্তরা নদীর তীর ঘেঁষে ড্রেজার দিয়ে মাটি খনন করছে- এর ফলে যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে অল্প কিছুদিনের মধ্যেই গ্রামটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

Monday, June 29, 2009

ডান কানের মহিমা

কারো অনুরোধে সরাসরি না বলতে চাইলে ডান কান চেপে ধরুন। একইভাবে কারো কাছে কিছু চাওয়ার সময়ও ডান কান বরাবর ছুড়ে দিন আপনার আবদার। রাজি হওয়ার সম্ভাবনা অনেক। কারণ ব্যাখ্যায় ইতালীয় গবেষকরা জানালেন, হুট করে কোনো তথ্য প্রক্রিয়াকরণ করে মগজের বাঁ দিকটাই। আর বাঁ দিকের প্রসেসিংয়ের ইনপুট হচ্ছে ডান কান। একটি ক্লাবে ২৮৬ ক্লাবারের ওপর পরীক্ষা চালিয়ে এ ব্যাপারে প্রায় নিশ্চিত হয়েছেন তারা। এ সময় তাদের কাছে সিগারেটসহ আরো কিছু ছোটখাট জিনিস চাওয়া হলে ৭২ ভাগই ইতিবাচক সাড়া দিয়েছে। ক্লাবে হাই ভল্যুমে গান বাজতে থাকায় গবেষকরা ইচ্ছে করেই ক্লাবারদের ডান কানে মুখ রেখে জানিয়েছিলেন তাদের অনুরোধ। বিবিসি

মিরকাদিম পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় গত শনিবার বিকালে প্রথমবারের মতো উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে দখলদারদের কাছ থেকে ১ মাসের মধ্যে খাল উদ্ধারের শপথ নেয়া হয়। পৌর মেয়র মোহাম্মদ হোসেন রেনু ১৬ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৩১৭ টাকার এই বাজেট ঘোষণা করেন। তৃণমূল পর্যায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে উম্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুজন-সুশানের জন্য নাগরিক কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিশেষ অতিথি ছিলেন সুজনের জেলা সভাপতি হাফিজ আহম্মেদ। শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে কাউন্সিলরসহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মঞ্জুর মোর্শেদ, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, রাসেল মাহমুদ, তানভীর হাসান আব্দুল মজিদ কমিশনার, ফারহানা মির্জা প্রমুখ।

শ্রীনগরে এতিমখানা উদ্বোধন


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সুফীগঞ্জ গ্রামে শুক্রবার সকালে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির অর্থায়নে এবং সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠিত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) একাডেমি কমপ্লেক্সে ‘আল হানান এতিমখানা’র উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান। অনুষ্ঠানে এতিমখানার পরিচালক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কুয়েত দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নায়েফ ওয়াই জে আলড্রেস, স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, কেজেআরসির উপমহাপরিচালক গাজী মো. জহিরুল ইসলাম প্রমুখ।

ঐতিহাসিক মধুর ক্যান্টিন নিয়ে প্রিয়ন্তির নতুন ধারাবাহিক

নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক মধুর ক্যান্টিন। শাখাওয়াত আল মামুনের রচনা ও পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান প্রিয়ন্তি । ধারাবাহিক নাটকটি মধুর ক্যান্টিন-কেন্দ্রিক একটি ডকুফিকশন ড্রামা। ধারাবাহিক নাটক প্রসঙ্গে নাটকের পরিচালক শাখাওয়াত আল মামুন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে যার নাম, সেই আমাদের ঐতিহাসিক মধুর ক্যান্টিন। এখনো গতিময় সমানতালে জনপ্রিয় একটি রেস্তরাঁর নাম মধুর ক্যান্টিন। হাজারো হাসি-কান্না, সুখ-দু:খ এবং আন্দোলনের নীরব সাক্ষী মধুর ক্যান্টিন। নির্বোধ, জড়াজীর্ণ মধুর দেয়াল, চেয়ার, টেবিল সব কিছুতেই রয়েছে অনেক স্মৃতি, অনেক ইতিহাস। চলমান শিল্প, সাহিত্য, রাজনীতির গতিময় ঘটনা ঘটার প্রয়োজনে, অনেক প্রবীণ ও নবীন রাজনৈতিক ব্যক্তি এই নাটকে কাজ করবেন। দেশের প্রথম সারির খ্যাতিমান অনেক অভিনেতা-অভিনেত্রী মধুর ক্যান্টিন নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত, মুখরিত একটি রেস্তরাঁর নাম মধুর ক্যান্টিন। ’৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন সবার প্রিয় মধুদা। এরপর তারই সুযোগ্য সন্তান অরুণদা মধুর ক্যান্টিন এখনো পর্যন্ত গতিময় করে রেখেছেন। এই নাটকে অরুণদাও স্বচরিত্রে অভিনয় করবেন। অনেক প্রতিষ্ঠিত সাংবাদিক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা এই নাটকের বিশেষ চরিত্রে অভিনয় করবেন। বর্তমান সময়ের নিয়মিত অভিনেতা-অভিনেত্রী যারা এই নাটকে কাজ করবেন তাদের মধ্যে শংকর শাওজাল, বন্যা মির্জা, সমু চৌধুরী, রুনা খান, ডা. এজাজ, সুইটি, নাফিজা, তিন্নী, সিমন্তী, পিংকী, আসলাম সানী, শাহাদাত হোসেন নিপু, সাইফ বাবু, তমাল, বাপ্পী আশরাফ ও শরিফ সারোয়ার অন্যতম। নাটকটির শুটিং শুরু হয়েছে। ধারাবাহিক নাটকটি দেশের যেকোনো একটি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচার করা হবে। এই নাটকের নাট্যকার ও পরিচালক শাখাওয়াত আল মামুন বলেন, নাটকটি দর্শক দেখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। এ ছাড়া আমি ইতোমধ্যে ট্রিপল জিরো নামে আরো একটি মেঘা ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে যাচ্ছি।

মুন্সিগঞ্জ বিএনপির কমিটি গঠন নিয়ে বিরোধ

কেন্দ্রে পাল্টাপাল্টি কমিটি জমা পড়েছে
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি কমিটি কেন্দ্রে জমা দিয়েছে। এতে দুই পক্ষের বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে। গত শনিবার ছয় যুগ্ম আহ্বায়ক ৫১ সদস্যের কমিটি দলীয় চেয়ারপারসনের বরাবরে জমা দিয়েছেন। এর আগে আহ্বায়ক মিজানুর রহমান সিনহা একটি কমিটি জমা দিয়েছিলেন।