Saturday, July 04, 2009

পদ্মায় পানি বাড়ায় ৩ ফেরি ঘাট প্লাবিত

গত ২৪ ঘণ্টায় পদ্মায় ২০ সে. মিটার পানি বৃদ্ধি পেয়ে মাওয়া-কাওড়াকান্দির ৩টি ফেরি ঘাট প্লাবিত হয়েছে। টানা বর্ষণে ডাম্ব ফেরি রানীক্ষেত ও রানীগঞ্জ বিকল হয়ে পড়ায় সমস্যা প্রকট আকার ধারণ করছে। এতে করে মাওয়া-কাওড়াকান্দি ঘাটে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গতকাল উভয় ঘাটে যাত্রীবাহী পরিবহনসহ প্রায় আড়াই শতাধিক যানবাহন আটকে পড়েছে বলে বিআইডব্লিউটিএ সূত্র জানায়।

বিআইডব্লিউটিএ কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, টানা বর্ষণে পদ্মায় গত ২৪ ঘণ্টায় ২০ সে. মিটার পানি বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় পদ্মায় ৩৮ সেন্টিমিটার পানি বেড়ে কাওড়াকান্দি ৩নং ফেরিঘাট ও মাওয়ার ১নং ও ৩নং ফেরিঘাট প্লাবিত হয়। ঘাট তিনটি বিকল হয়ে পড়ায় গতকাল বিকেলে পন্টুনগুলো লো ল্যান্ড থেকে হাই ল্যান্ডে স্থানান্তর করা হয়েছে। এসময় ফেরি লোড আনলোডে মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়। এদিকে পদ্মায় স্রোত থাকায় এবং ফেরি পন্টুনের র‌্যাম সংযোগ কর্দমাক্ত হয়ে পড়ায় ফেরি পারাপার ও লোড আনলোডের ক্ষেত্রে দেড় ঘণ্টার স্থলে আড়াই ঘণ্টার উপরে সময় লাগছে বলে ফেরি চালকরা জানান।

Thursday, July 02, 2009

শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসে কলম বিরতি

রেজিস্ট্রি খরচের বাইরে দলিল প্রতি অতিরিক্ত টাকা দাবি করায় শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি শুরু করেছেন দলিল লেখকরা। জানা গেছে, শ্রীনগর সাব-রেজিস্ট্রার আঃ আজিজ সম্প্রতি বদলি হওয়ায় লৌহজং সাব-রেজিস্ট্রার আঃ মজিদ শেখ অতিরিক্ত দায়িত্ব নিয়ে গতকাল প্রথম কর্মদিবসে শ্রীনগরে আসেন। সকাল ৯টায় কয়েকজন দলিল লেখককে তার বাসায় ডেকে দলিল প্রতি রেজিস্ট্রি খরচের বাইরে অতিরিক্ত টাকা দাবি করেন। অন্যথায় দলিল না করার হুমকি দেন। দলিল লেখকদের পাল্টা জবাবে তিনি অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং নিজের প্রভাব প্রতিপত্তির দাপট দেখিয়ে শুধুমাত্র হাজিরা খাতায় সই করেই অফিস ত্যাগ করবেন বলে সাফ জানিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের সকল দলিল লেখকগণ একযোগে কলম বিরতি শুরু করেন। এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার আঃ মজিদ শেখ বলেন, ঘটনাটি অনাকাক্সিক্ষত। পরে এজলাসে এসে তিনি রেজিস্ট্রি করবেন বলে জানান। উৎকোচ চাওয়ার বিষয়টি সুকৌশলে এড়িয়ে যান তিনি। এজলাসে বসার পূর্বেই দলিল লেখকদের সঙ্গে প্রাইভেট বৈঠকের সমঝোতার বিষয়েও তিনি কোন সদুত্তর দিতে পারেননি। বেলা পৌনে ৩টা পর্যন্ত খবর নিয়ে জানা যায়, কোন দলিল এজলাসে জমা পড়েনি।

গজারিয়ায় মাতৃভাতা ও বিধবা ভাতা বিতরণ

গজারিয়ায় মায়েদের মাতৃভাতা ও বিধবা মহিলাদের মধ্যে ভাতার টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ৮টি ইউনিয়নে ১২০ জন দরিদ্র মা মাতৃভাতা ও ১০৫৪ জন মহিলা বিধবা ভাতা পাচ্ছেন। গতকাল উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিবিদিতা দাস প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে ভাতার টাকা বিতরণ করেন। ভাতার টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ভিখারুদ্দৌলা চৌধুরী। উল্লেখ্য, মাতৃভাতা প্রতি দরিদ্র মা প্রতি মাসে ৩০০ টাকা এবং বিধবা মহিলা প্রতি মাসে ২৫০ টাকা করে ভাতা পাচ্ছেন।

পদ্মা সেতু নির্মাণে পাবলিক শেয়ার ছাড়ছে সরকার

পদ্মা সেতু নির্মাণে অর্থ সংগ্রহের জন্য সরকার পাবলিক শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে এ শেয়ারের মাধ্যমে ৮০০ কোটি টাকা সংগ্রহকরা হবে। প্রতিটি শেয়ারের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। এসব শেয়ারের লভ্যাংশ দেয়া হবে ত্রৈমাসিক হিসাবে। লভাংশের হার হবে সাধারণ ব্যাংকের সঞ্চয়ী হিসাবের চেয়ে কিছু বেশি। শেয়ারবাজারে এসব শেয়ার ক্রয় বিক্রয় করা যাবে।

সাধারণ শেয়ারের চেয়ে এ শেয়ারের পার্থক্য হলো এটি বন্ডের মতো নির্দিষ্ট মেয়াদের জন্য বাজারে থাকবে।

উল্লেখ্য, সরকার আগে সিদ্ধান্ত নিয়েছিল বিভিন্ন সেবা ও পরিবহন সেক্টরে সারচার্জ আরোপের মাধ্যমে এ টাকা সংগ্রহ করা হবে। কিন্তু সরকার এ পদ্ধতি বাতিল করে পাবলিক শেয়ারের মাধ্যমে টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে।