Tuesday, June 30, 2009

মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে অভিযোগ

মেঘনা নদীর তীর ঘেঁষে অবৈধভাবে মাটি কাটছে দুর্বৃত্তরা, বিলীন হচ্ছে গ্রাম
কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নের কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীর ঘেঁষে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বালু মহালের সীমানা অতিক্রম করে গ্রাম ঘেঁষে মাটি কাটায় এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এর প্রতিবাদে কালিরচর গ্রামবাসী সম্প্রতি জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করে। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে অনুরোধ জানিয়েছেন।

গ্রামবাসীর অভিযোগÑ কালিরচর গ্রামে আট হাজার জনগোষ্ঠীর বসবাস। বর্তমান সরকার সমর্থক দুর্বৃত্তরা নদীর তীর ঘেঁষে ড্রেজার দিয়ে মাটি খনন করছে- এর ফলে যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে অল্প কিছুদিনের মধ্যেই গ্রামটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

Monday, June 29, 2009

ডান কানের মহিমা

কারো অনুরোধে সরাসরি না বলতে চাইলে ডান কান চেপে ধরুন। একইভাবে কারো কাছে কিছু চাওয়ার সময়ও ডান কান বরাবর ছুড়ে দিন আপনার আবদার। রাজি হওয়ার সম্ভাবনা অনেক। কারণ ব্যাখ্যায় ইতালীয় গবেষকরা জানালেন, হুট করে কোনো তথ্য প্রক্রিয়াকরণ করে মগজের বাঁ দিকটাই। আর বাঁ দিকের প্রসেসিংয়ের ইনপুট হচ্ছে ডান কান। একটি ক্লাবে ২৮৬ ক্লাবারের ওপর পরীক্ষা চালিয়ে এ ব্যাপারে প্রায় নিশ্চিত হয়েছেন তারা। এ সময় তাদের কাছে সিগারেটসহ আরো কিছু ছোটখাট জিনিস চাওয়া হলে ৭২ ভাগই ইতিবাচক সাড়া দিয়েছে। ক্লাবে হাই ভল্যুমে গান বাজতে থাকায় গবেষকরা ইচ্ছে করেই ক্লাবারদের ডান কানে মুখ রেখে জানিয়েছিলেন তাদের অনুরোধ। বিবিসি

মিরকাদিম পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় গত শনিবার বিকালে প্রথমবারের মতো উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে দখলদারদের কাছ থেকে ১ মাসের মধ্যে খাল উদ্ধারের শপথ নেয়া হয়। পৌর মেয়র মোহাম্মদ হোসেন রেনু ১৬ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৩১৭ টাকার এই বাজেট ঘোষণা করেন। তৃণমূল পর্যায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে উম্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুজন-সুশানের জন্য নাগরিক কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিশেষ অতিথি ছিলেন সুজনের জেলা সভাপতি হাফিজ আহম্মেদ। শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে কাউন্সিলরসহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মঞ্জুর মোর্শেদ, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, রাসেল মাহমুদ, তানভীর হাসান আব্দুল মজিদ কমিশনার, ফারহানা মির্জা প্রমুখ।

শ্রীনগরে এতিমখানা উদ্বোধন


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সুফীগঞ্জ গ্রামে শুক্রবার সকালে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির অর্থায়নে এবং সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠিত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) একাডেমি কমপ্লেক্সে ‘আল হানান এতিমখানা’র উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান। অনুষ্ঠানে এতিমখানার পরিচালক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কুয়েত দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নায়েফ ওয়াই জে আলড্রেস, স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, কেজেআরসির উপমহাপরিচালক গাজী মো. জহিরুল ইসলাম প্রমুখ।